সর্বশেষ সংবাদ :

খালেদার রায়কে ঘিরে সর্তক রাজশাহীর আইনশৃঙ্খলা বাহিনী

খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আগামীকাল বৃহস্পতিবার। এই রায়কে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নাশকতার আশঙ্কায় রাজশাহী অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে। যাতে করে জনগণের জান-মালের নিরাপত্তায় কোনো ব্যাঘাত না ঘটে। এজন্য নাশকতার পরিকল্পনার অভিযোগে অনেক বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে।
অপরদিকে রায়ের দিন নগরীতে বিএনপি মিছিল-সমাবেশ করার ঘোষণা দিয়েছে। কিন্তু ঢাকায় ওই দিন মিছিল-সমাবেশ নিষিদ্ধ করা হলেও রাজশাহী মহানগর পুলিশ সেই ধরণের কোনো ঘোষণা দেয়নি। তবে জনগণের স্বাভাবিক পরিবেশে ব্যাঘাত ঘটালে পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে রাজশাহী মহানগর পুলিশ।
এছাড়া খালেদা জিয়ার রায় ঘিরে পরিস্থিতি মোকাবিলায় আওয়ামী লীগ পুলিশের পাশে থাকবে বলে জানিয়েছে আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দেশের জনগণের জানমাল নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করব। আমরা এখন ক্ষমতায় আছি। গায়ে পড়ে আমরা কেন দেশে অশান্তি ডেকে আনব?’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তারা যদি উস্কানি দেয়, হাইকোর্টের সামনে প্রিজন ভ্যানে হামলা চালানোর মত পরিস্থিতি সৃষ্টি করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি মোকাবিলা করবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের সহযোগিতা করবে।’
আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সবার আগ্রহের কেন্দ্র বিন্দু এখন সেদিন কী রায় হচ্ছে, তা জানার। রায় বিএনপির শীর্ষ নেতা খালেদা জিয়ার বিপক্ষে না পক্ষে যাবে-তা নিয়ে চলছে তুমুল আলোচনা।
মঙ্গলবার বিকেলে রাজশাহী মহানগর বিএনপির দায়িত্বপ্রাপ্ত দফতর সম্পাদক নাজমুল হক ডিকেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮ ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নগরীর ভুবনমোহন পার্কসহ গুরুত্বপূর্ণস্থানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে সাংগঠনিক সভা ও প্রতিবাদ সমাবেশ করবে।
এজন্য গতকাল মঙ্গলবার দুপুর ১১টায় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, সিটি মেয়র ও মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল। প্রধান অতিথি ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। অবশ্য মিজানুর রহমান মিনু বলেছেন, আন্দোলন ও নির্বাচন দুইটির জন্যই বিএনপির নেতাকর্মী প্রস্তুত। ৮ ফেব্রুয়ারি তারা মাঠে থাকবেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবেন।
অপরদিকে আওয়ামী লীগ নেতৃবৃন্দের মতে, বিএনপি-জামায়াত রায়কে ঘিরে যেকোনো ধরনের নাশকতা চেষ্টা চালালে জনগণ তা শক্ত হাতে প্রতিহত করবে। নিশ্চয় জনসাধারণ সন্ত্রাসী কর্মকাণ্ডকে মোটেও প্রশ্রয় দেয় না। আওয়ামী লীগ সব সময়ই জনগণের প্রত্যার সাথে আছে। অন্যদিকে রায়ের দিনে সর্তক অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, রায়ের দিন রাজশাহী নগরীর মিছিল-সমাবেশ নিষিদ্ধ করা হয়নি। তবে রায়ের দিন নাশকতার আশঙ্কায় নগরীতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। যাতে করে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত হতে না পারে। এছাড়া পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী পুলিশ পদক্ষেপ গ্রহণ করবে।

No comments